বেরোবিতে নিরাপদ ক্যাম্পাস ও জেন্ডার সংবেদনশীলতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ ‘ইন্টারঅ্যাক্টিভ জেন্ডার ট্রেনিং মডিউলস অ্যান্ড সেফ ক্যাম্পাস ইনডেক্স ডেটা কালেকশন টুলস’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার (২২ নভেম্বর, ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২-এর ৩য় তলায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। 

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর হায়ার এডুকেশন অ্যাকসিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের সাব-প্রজেক্ট (‘প্রিভেন্টিং জেন্ডার-বেজড ভায়োলেন্স ইন ইউনিভার্সিটি ক্যাম্পাসেস: ডেভেলপিং এ হোলিস্টিক অ্যাপ্রোচ’)-এর আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর যৌথ উদ্যোগে কর্মশালাটি আয়োজিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নারীবান্ধব ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। উপাচার্য বলেন, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে প্রাতিষ্ঠানিক সচেতনতা, কার্যকর প্রশিক্ষণ এবং তথ্যভিত্তিক উদ্যোগ গ্রহণের বিকল্প নেই। এ ধরনের প্রশিক্ষণ মডিউল ও জরিপ উপকরণ বিশ্ববিদ্যালয়ে ইতিবাচক পরিবর্তন আনতে এবং নিরাপদ ক্যাম্পাস প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

কর্মশালায় ফ্যাসিলিটেটর হিসেবে সেশন পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের অধ্যাপক ও ডিজিল্যাব-এর লিড প্রফেসর ড. সৈয়দ শাইখ ইমতিয়াজ এবং একই বিভাগের সহযোগী অধ্যাপক ও ডিজিল্যাব-এর লিড ড. ইশরাত জাহান খান বর্ষা। দিনব্যাপী এই কর্মশালায় মূলত দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে ভ্যালিডেশন বা যাচাই-বাছাই কার্যক্রম পরিচালিত হয়। এর মধ্যে রয়েছে ১০টি মডিউল সম্বলিত ‘ইন্টারঅ্যাক্টিভ জেন্ডার ট্রেনিং মডিউলস’ এবং ‘সেফ ক্যাম্পাস ইনডেক্স সার্ভে কোয়েশ্চনেয়ার’ যাচাইকরণ। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।