বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ পালিত
News
February 21, 2026
Details
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালন করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি, ২০২৬) সকালে বাংলা ভাষার জন্য অকাতরে প্রাণ বিলিয়ে দেওয়া ভাষা-শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক র্যালির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। শোক র্যালিতে বিভিন্ন অনুষদ, বিভাগ ও দপ্তরের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ অংশ নেন।
শোক র্যালিটি প্রশাসনিক ভবনের দক্ষিণ গেট থেকে শুরু হয়ে পার্কের মোড় (আবু সাঈদ চত্বর) ঘুরে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ মিনার চত্বরে এসে শেষ হয়। এরপর শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এসময় বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগ, আবাসিক হল, ইনস্টিটিউটসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সকালে ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন আমাদের জাতীয়তাবাদ চেতনার ভিত্তি রচনা করেছে। ভাষা-শহিদদের আত্মত্যাগ শুধু মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠাই নয়, বরং স্বাধীনতা ও আত্মমর্যাদার সংগ্রামেরও অনুপ্রেরণা। তিনি বলেন, বাংলাই একমাত্র ভাষা যার জন্য মানুষ রক্ত দিয়েছে, তাই এই ভাষা ও এর আন্তর্জাতিক মর্যাদা প্রতিটি বাঙালির জন্য অত্যন্ত গর্বের বিষয়। বেরোবি উপাচার্য আরও বলেন, বর্তমান সরকার এবং রাজনৈতিক দলগুলি ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশের যাত্রা শুরু করেছে। মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহিদ মিনারে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর শ্রদ্ধা নিবেদনকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেন উপাচার্য। তিনি বলেন, শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাঁদের আত্মার মাগফিরাত কামনার এই উদ্যোগ প্রশংসনীয়।
মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ পালন কমিটির আহবায়ক ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মাসুদ রানা এর সভাপতিত্বে আলোচনা সভায় মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান। ইনস্টিটিউট অব রিসার্চ এক্সিলেন্সের কর্মকর্তা ড. মোঃ রোকনুজ্জামান এর সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ তানজিউল ইসলাম, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ হারুন-আল-রশীদ, আন্তর্জাতিক বিষয়ক দপ্তরের অতিরিক্ত রেজিস্ট্রার কৃষিবিদ খন্দকার গোলাম মোস্তফা, বাংলা বিভাগের প্রভাষক মনির হোসেন এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন।
এর আগে দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এ সময় ভাষা শহিদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। ভোরে সূর্যোদয়ের সাথে সাথে কালোব্যাজ ধারণ ও জাতীয় পতাকা অর্ধনমিত করা হয় । এছাড়াও বাদ যোহর কেন্দ্রিয় মসজিদে মহান ভাষা আন্দোলনে শহিদদের আত্মার শান্তি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Top BRUR News