ক্যাম্পাসে সব ধরনের সহিংসতা ও হয়রানি বন্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা বেরোবি উপাচার্যের

ঢাকা, ৩০ জুলাই ২০২৬: রাজধানী ঢাকার হোটেল ওয়েস্টিনে অনুষ্ঠিত 'পাবলিক স্পেস, কর্মক্ষেত্র ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে যৌন ও লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধ' শীর্ষক প্রকল্পের কিক-অফ মিটিংয়ে অংশ নিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। ইউরোপীয় ইউনিয়ন (EU) ও ইউএন উইমেন (UN Women)-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে তিনি শিক্ষার্থীদের সুরক্ষায় প্রাতিষ্ঠানিক সংস্কারের দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার আদর্শ স্মরণ করে উপাচার্য তাঁর বক্তব্যে বলেন, "বেগম রোকেয়া বিশ্বাস করতেন যে, ভীতি, বৈষম্য বা সহিংসতায় সমাজের অর্ধেক জনগোষ্ঠী পিছিয়ে থাকলে অগ্রগতি সম্ভব নয়। তাঁর দেখানো আদর্শকে পাথেয় করে আমরা বিশ্ববিদ্যালয়কে একটি নিরাপদ ও সহিংসতামুক্ত ক্ষেত্র হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।"

ক্যাম্পাসে লিঙ্গভিত্তিক সহিংসতা দূরীকরণে বিশ্ববিদ্যালয়ের অবস্থান স্পষ্ট করে তিনি আরও উল্লেখ করেন, "বিশ্ববিদ্যালয় কেবল পাঠদানের কেন্দ্র নয়, এটি সমাজেরই একটি ক্ষুদ্র রূপ। একক প্রচেষ্টায় সহিংসতা বন্ধ করা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন কাঠামোগত পরিবর্তন ও সমন্বিত পদক্ষেপ। আমরা অভিযোগ দায়ের ও তদন্তের প্রক্রিয়াকে আরও সহজ, গোপনীয় ও ভুক্তভোগীবান্ধব করতে কাজ করছি।"

তিনি আরও জোর দিয়ে বলেন, "আমাদের লক্ষ্য একটাই—ক্যাম্পাসে যেন প্রতিটি শিক্ষার্থী ও সহকর্মী কোনো প্রকার ভয় বা বৈষম্য ছাড়াই শিখতে, কাজ করতে এবং নিজেদের বিকাশ ঘটাতে পারেন।"

অনুষ্ঠানে ইউজিসি সদস্য প্রফেসর ড. মাসুমা হাবিব, ইউজিসি সদস্য প্রফেসর মো. মেহেদী হাসান খান, ইউজিসি সদস্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ চৌধুরী, ইউজিসি আন্তর্জাতিক সহযোগিতা বিভাগের পরিচালক মোসা. জেসমিন পারভীনসহ ইউরোপীয় ইউনিয়ন, ইউএন উইমেন, সুশীল সমাজ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উচ্চপদস্থ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।