বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ ‘ডিজিটাল স্কিলস টু সাকসিড (DS2S)’ প্রকল্পের অধীনে 'মাইক্রো-ক্রেডেনশিয়াল কোর্স'-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় এই উদ্বোধনী সেশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্ব অর্থনৈতিক ফোরামের প্রাক্কলন অনুযায়ী বিশ্ববাজার ও শিল্পখাতের চাহিদার সাথে তাল মেলাতে হলে তরুণ প্রজন্মকে আধুনিক ডিজিটাল স্কিলে পারদর্শী হতে হবে। কেবল একাডেমিক ডিগ্রি কিংবা ফলাফলের ওপর নির্ভর না করে শিক্ষার্থীদের বাস্তবমুখী স্কিলস অর্জন করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, বেরোবির শিক্ষার্থীদের গ্লোবাল মার্কেটের উপযোগী করে গড়ে তুলতে প্রায় দুই হাজার শিক্ষার্থীকে এই আন্তর্জাতিক মানের মাইক্রো-ক্রেডেনশিয়াল প্রশিক্ষণের আওতায় আনার লক্ষ্য রয়েছে, যা তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও উচ্চশিক্ষা কিংবা কর্মসংস্থানে দারুণ সহায়ক হবে।
Digital Skills to Succeed (DS2S) in Asia Project, BRUR Chapter-এর ফোকাল এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মোঃ শাহজালাল, জার্মানভিত্তিক উন্নয়ন সংস্থা জিআইজেড (GIZ)-এর এডুকেশন অ্যান্ড ইয়ুথ অ্যাডভাইজার রুমানা আক্তার, সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ইয়াসমিন সুলতানা এবং ইংরেজি বিভাগের প্রভাষক ফারহানা মাহজাবীন প্রমুখ। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, এই মাইক্রো-ক্রেডেনশিয়াল কোর্স এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের অ-কারিগরি (নন-টেক) বিভাগের শিক্ষার্থীরাও এআই, ডেটা ও আধুনিক ডিজিটাল প্রযুক্তির ওপর মানসম্মত প্রশিক্ষণ লাভ করবেন।