বেরোবিতে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) পালিত

যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) বাদ মাগরিব বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা, রাসুলের (সা.) শানে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। 

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এ সময় তিনি বলেন, পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) শুধু আনন্দ-উৎসবের দিন নয়, বরং এটি আত্মজিজ্ঞাসা এবং নিজেকে নতুন করে গড়ে তোলার দিন। উপাচার্য বলেন, বিশ্বনবী (সা.) অন্ধকার যুগের অজ্ঞতা, কুসংস্কার ও বৈষম্য দূর করে মানবজাতিকে জ্ঞান, ন্যায়বিচার ও মানবতার আলোয় আলোকিত করেছিলেন। তাই ঈদ-ই-মিলাদুন্নবী আমাদের জন্য একটি জীবনদর্শন। তিনি শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, "তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো, নিজেদের চরিত্র গঠনে সচেষ্ট থাকো এবং মহানবীর (সা:) আদর্শকে জীবনের পাথেয় করে নাও। বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বদাই তোমাদের শিক্ষাজীবনকে সুন্দর ও অর্থবহ করে তুলতে পাশে রয়েছে।"

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবীর তাৎপর্য, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জীবনাদর্শ এবং বিশ্বশান্তি ও মানবকল্যাণে তাঁর অবদান নিয়ে আলোচনা করা হয়। আলোচনা সভায় উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক।

পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহার শান্তি, সমৃদ্ধি এবং বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বেরোবি কেন্দ্রীয় মসজিদের খতিব ড. রকিব উদ্দিন আহাম্মেদ। মিলাদ মাহফিলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।