বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৩ নভেম্বর ২০২৬) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার তৃতীয় তলায় অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা, সাম্য ও অসাম্প্রদায়িক আদর্শ আমাদের চিরকাল অনুপ্রাণিত করে। নতুন প্রজন্মের মাঝে নজরুলের সাহিত্য ও জীবনদর্শন ছড়িয়ে দেওয়ার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন এবং এ ধরনের আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম। এছাড়াও আলোচক হিসেবে বক্তব্য রাখেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর কলা অনুষদের ডিন প্রফেসর ড. নিতাই কুমার ঘোষ এবং সেন্ট্রাল লাইব্রেরি এন্ড ইনফরমেশন সেন্টারের পরিচালক ড. মোঃ মনিরুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান। ‘নজরুল বর্ষ উদযাপন কমিটি ২০২৬’-এর আহ্বায়ক প্রফেসর ড. মোঃ শাহ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। সেমিনার শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।