বেরোবিতে ‘বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

News

March 4, 2026

Details

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এ উচ্চশিক্ষার মানোন্নয়ন ও আন্তর্জাতিক মানে উন্নীতকরণের লক্ষ্যে ‘বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশনস ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) ফর হায়ার এডুকেশন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (০৪ মার্চ, ২০২৬) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-২ এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভার্চুয়াল ক্লাসরুমে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এ সময় উপাচার্য বলেন, একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের উচ্চশিক্ষার মানকে বৈশ্বিক মানে উন্নীত করা অপরিহার্য। বিএনকিউএফ হলো এমন একটি কাঠামো যা আমাদের শিক্ষার্থীদের অর্জিত ডিগ্রির আন্তর্জাতিক স্বীকৃতি নিশ্চিত করবে। তিনি আরও বলেন, ফ্রেমওয়ার্ক যথাযথভাবে অনুসরণ ও বাস্তবায়নের মাধ্যমে আমরা আমাদের শিক্ষার্থীদের যোগ্য ও দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে সক্ষম হব।

কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসি-এর পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম এবং একইসাথে কী-নোট স্পিকার হিসেবেও বক্তব্য প্রদান করেন। এ সময় তিনি বিএনকিউএফ-এর কারিগরি দিকগুলো তুলে ধরেন এবং শিক্ষাক্রমের আধুনিকায়নে এর গুরুত্ব ব্যাখ্যা করেন। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় বেরোবি আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক ড. মোঃ আব্দুর রকিব এবং ড. মোঃ সজিব মিয়া উপস্থিত ছিলেন।